থোড়ের কোফতাকারি
উপকরণ:- থোড় কুচি করে কাটা -১বাটি(মাঝারি বাটির)।
মুগডাল বাটা -৪চা-চামচ।
ছানা -১০০ গ্রাম।
বেসন -২চা-চামচ।
আদা বাটা -২চা-চামচ।
লঙ্কা গুঁড়ো -১চামচ।
হলুদ গুঁড়ো -১চামচ।
জিরে গুঁড়ো -১/২চামচ।
কাশ্মিরী লঙ্কা গুঁড়ো -১চামচ।
গোটা জিরে,ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা -১চামচ।
টমেটো পেষ্ট -১টি।
কাঁচা লঙ্কা বাটা -১চামচ।
চিনি -২চা-চামচ।
গুড় -১চা-চামচ।
টক দই -২চামচ।
কাজুবাদাম বাটা -২চা-চামচ।
গাওয়া ঘি -১চামচ।
গরম মশলা গুঁড়ো -১চামচ।
গুঁড়ো দুধ -২টেবিল চামচ।
সর্ষের তেল -পরিমাণমতো।
ফোড়ণের জন্য গোটা জিরে ১ছোট চামচ, তেজপাতা, গোটা গরম মশলা।
প্রনালী:- প্রথমে থোড়ে হলুদ গুঁড়ো ও নুন মাখিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে ভালো করে চটকে নিয়ে জলটা চিপে বের করে নিতে হবে। তারপর ওর মধ্যে একে একে মুগডাল বাটা,বেসন, স্বাদ মতো নুন, চিনি, ভাজা মশলা,১চা-চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে।গোল গোল কোফতার আকারে গড়ে নিতে হবে।তারপর কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে কোফতা ভেজে নিতে হবে। এবার ওই তেল কিছুটা কমিয়ে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ণ দিতে হবে। ফোড়ণের সুগন্ধ বেড়োলে টমেটো পেষ্ট দিয়ে নেড়েচেড়ে টকদই,আদা বাটা, কাজুবাদাম বাটা, সব গুঁড়ো মশলা, গরম মশলা গুঁড়ো বাদে জলে গুলে কড়াইতে ঢেলে দিতে হবে। খুব ভালো করে মশলাটা কষতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার গরম জলে গুঁড়ো দুধ গুলে ঢেলে দিতে হবে। প্রয়োজনে একটু গরম জল দেওয়া যেতে পারে।স্বাদ মতো নুন ও গুড় দিতে হবে। তারপর ভাজা কোফতা গুলো দিয়ে ২মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি "থোড়ের কোফতা কারি"।



