Logo
logo

সাহিত্য / কবিতা

গদ্যকবিতা : নববর্ষে আমার করে

প্রতিবারই কেমন যেন যাওয়ার তাড়া নিয়ে আসো। এবার একটু রয়ে সয়ে গেলে পারতে তো! কত কি কেড়ে নিয়েছ আমার জীবন থেকে, কত কি আবার দুহাত ভরে দিয়ে যাচ্ছ। এই বুঝি নিয়তি ...

না! আজ আর চোখের জল মুছতে মুছতে বিদায় জানাবো না তোমাকে। এবার যখন আসবে আরও উদ্দীপ্ত করে তুলো আমাকে।
প্রতিবার তুমি অনেক দূরে চলে যাও, সময়ের স্রোতে ভেসে ভেসে কোথায় যাও কে জানে? মনের অলিগলি পেরিয়ে, দুঃখের গলিঘুঁজি ছাড়িয়ে এমন এক জায়গায় যাও, যেখানে তোমাকে ছুঁতে পারি শুধু স্মৃতিতে। এই করে করেই কত মানুষ হারিয়েও, সর্বহারা হয়েও নতুন কিছুর প্রত্যাশাতে বসে থাকি আমি। শুধু বারবার বল সব কিছু পুরাতন হয়ে গেছে ! আমার ছেলে বেলার সাথে যেদিন দড়ি টানাটানি তে আমার যৌবন জিতে গেল, যেদিন কৈশোর আর আসেনি আমার সাথে দেখা করতে, সেদিনও তুমি বলেছিলে " যাক পুরাতন স্মৃতি" ।

বেশ তো! যাবেই যখন যাও, বারবার চলে যাও, কে আর থামাবে তোমাকে? এমন সাধ্য কার?

শুধু যাওয়ার আগে বলে দিয়ে যাও আবার আসলে আমার ভালোবাসার মানুষগুলো কে আর কেড়ে নেবেনা। কি হল কথা দাও! এই যে শুনতে পাচ্ছ, কথা দাও।

জানি, সে তুমি দেবে না। কেড়ে নেবে এক এক করে। তোমার কোন এক জাঁকজমকপূর্ণ আগমনকালে বিলি করা ক্যালেন্ডারের একটি তারিখে আমার প্রিয় জনের নিথর দেহ শায়িত থাকবে। দিন কমছে! তুমি সেকথা বার বার মনে করিয়ে দিতেই হয়ত যাও আর আসো।

আজ তোমার যাওয়ার দিন। কাল থেকে তুমিও আর নেই! আবার নতুন কেউ, আবার নতুন ঘণ্টা , নতুন মিনিট। তাই ঠিক করেছি,


দিনশেষে আজ রাত - বিরেতে
আবার আমি তরুণ হব।
বট তলার ওই ছায়ানটে
অলস হাওয়ায় দিন কাটাব।
আবার নতুন প্রেম জাগবে,
খেলার মাঠে ছুটবো আবার।
হাসির জোয়ার উঠবে জুটে,
মত্ত মাতাল মন পারাবার।
জুটবে আবার রাখাল এসে,
বাজবে বাঁশি,
শুনবে কিষাণ আপনি আসি।

কাল সকালে,
আশার কোলে মাথা রেখে,
আবার আমি উঠবো জেগে।
সবার আগে উঠব ফুটে,
ভ্রমর যত আসবে জুটে।
নতুন আলোর সম্ভাবনায়
সবুজ পাতা দুলবে নেচে,
শীতল বাতাস, ফুলের গন্ধে,
মুগ্ধ হব, উঠব বেঁচে।

তুমি আবার ফিরে আসলে, আরও একবার ছোট শিশুদের কোলাহল নরম রোদের মত গায়ে মেখে খিলখিলিয়ে হেসে উঠব অবারিত আনন্দে । আরও স্পন্দিত হব হৃদয়ের গ্রন্থিতে।
হব উচ্ছল,শিশির ভেজা দুর্বা ঘাসে কিংবা পদ্মপাতায় একটা স্বপ্নঘর কিনবো। পাতার পর পাতা কবিতা লিখে সেই পাতা দিয়ে প্রজাপতির বর্ণালী ডানা বানিয়ে উড়িয়ে দেব রামধনুর বাঁকে। সময়ের খরস্রোতে আরও একবার ভেসে যাব আমি, তুমি। তুমি চলে যাবে এক এক করে আমার প্রিয় সকলকে সাথে নিয়ে, থেকে যাব আমি একা। যে পথে আমার প্রিয়জন গেছে চলে, সেই ছায়াপথের বেলাভূমিতে বসে-শুয়ে দিন যাপন করব তোমার অপেক্ষায়। আবার কোন একদিন আসবে তুমি সৌরস্নান করতে করতে, সৌরজগৎ পরিভ্রমণ করে, সেদিন আসবে আমাকেও নিতে। চোখের জল মুছে আমি সেদিনও তোমার অপেক্ষা করব।

তবু, অশ্রুস্নাত চোখে আমি কখনই তোমায় বিদায় জানাব না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুতেই দেখবনা তোমার চলে যাওয়া। বরং তুমি আবার নবরূপে ফিরে এলেই, কাল বৈশাখীর সম্ভাবনায় নীলচে পেখম মেলে দেব, শুষ্ক ডালের বুক জুড়ে সেই কিশলয়ের আগমনে, অরুণোদয়ের স্পর্শে আমি অবলোকন করব, ওই যতটুকু পারি।

তোমায় আবার ডাকব কালকে নতুন নামে, ডাকনাম তবে নববর্ষ ই থাক।

Contact US

Tel: 8697419047
Email: sreemotirdarbar@gmail.com