কবিতা - বসন্ত গাথা
কত যে রঙ আছে ভরা
ফুলের অঙ্গ ছেয়ে-
দুঃখ সব থাক না তোলা
সুখের মুখ চেয়ে।
যা কিছু মলিন কর্দমাক্ত
সুদূরে যখন মিলায়,
বসন্ত বেলার ফুলের দল
বিচিত্র রঙ বিলায়।
রোদ ঝলমল ঋতুটাকে
জড়িয়ে ধরি হেসে,
বাহার রাগের বিস্তার গাই
ফাগুন ভালোবেসে।
চৈত্র যখন আগুন আনে
শেষে
বৃষ্টি তখন বড়ই প্রয়োজন,
মেঘ দিগন্ত ছুঁয়ে আসার আশায়,
তোলপাড় হয় ক্ষুদ্র ঘরের
কোণ।
মন ভেসে যায় পুঞ্জিভূত
কালোয়,
জানালার পাশে দাঁড়াই
এসে একা,
বৃষ্টির ছাঁট স্পর্শ করে মুখ,
যেন আদর করে যায় সে
দিয়ে দেখা।
এমনি করেই বৃষ্টির ছোঁওয়া
পেয়ে,
সজীব হয় বসন্ত নবীন পাতা,
তার সাথেই নবীন দোলায়
দোলে,
হৃদয় গহনে লালিত স্বপ্ন গাথা।
দোলের রঙে আবির ছড়াই সুখে,
উৎসব ফুলে ভরাই ফুলদানি -
গহীন প্রাণের ভালোবাসার
ফুলেও,
রেখো তোমার বসন্তেরই বাণী।
