বরিশালের কাতল পাতুরি
উপকরণ:- ১) মাঝারি সাইজের আলু - ৪টে
২) মাঝারি সাইজের পেঁয়াজ - ৪টে
৩) মাঝারি সাইজের টমেটো - ৩টে
৪) মাছ - পেটির মাছ ৩পিস
৫) গোটা শুকনো লঙ্কা- স্বাদ মত
৬) গোটা কাঁচা লঙ্কা- স্বাদমতো
৭) হলুদ- চা চামচের ২ চামচ
৮) আদা ও রসুন কুচি- ১.৫ চা চামচ মত
৯) গোলমরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ
১০) নুন ও মিষ্টি- স্বাদ অনুসারে
১১) সরষের তেল- ১/২ কাপ
১২) জিরে গুঁড়ো- ১ চা চামচ
১৩) কলাপাতা
প্রনালী:- প্রথমে মাছগুলোকে হলুদ বাটা, লঙ্কা বাটা, আদা কুচি,রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, নুন ও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার আলু নিয়ে একদম সরু ঝিরিঝিরি করে কেটে কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখতে হবে যাতে আলুগুলো নরম হয়ে যায়। অন্যদিকে পিয়াজ টমেটো একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর পরিমান মত কাঁচালঙ্কা কুচি করে নিতে হবে। এবার একটা পাত্রে আলু গুলো জল থেকে ঝরিয়ে তুলে রাখতে হবে। ওর মধ্যে মিশাতে হবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন ও একটুখানি তেল রেখে বাকি তেলটা দিয়ে মিশ্রণটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার কলাপাতা গুলোকে ভালো করে আগুনে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। এবার সেই সেঁকা কলাপাতা নিয়ে, এরমধ্যে পেঁয়াজ টমেটোর মাখা মিশ্রণটা কিছুটা দিয়ে দিতে হবে, এরপর এর ওপর মসলা মাখানো মাছটা বসিয়ে দিতে হবে , তার ওপর সামান্য একটু তেল আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে কলাপাতাটা মুড়িয়ে নিতে হবে। এইভাবে বাকি সব মাছগুলোকে সাজিয়ে নিতে হবে। এবার কড়াইতে জল বসাতে হবে। জল ফুটে এলে একটা ফুটো ফুটো চালুনী বসিয়ে ওর মধ্যে মাছগুলোকে সাজিয়ে ঢেকে দিতে হবে ও মাছগুলোকে ২৫ মিনিটের জন্য সেদ্ধ হতে দিতে হবে। এই সময় কলাপাতা মোড়ানো মাছগুলিকে মাঝে মাঝে একটু এপিট ওপিঠ করে দিতে হবে। ২৫ মিনিট ভাঁপানো হয়ে গেলে মাছগুলিকে নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।



