সফেদ মুর্গকোর্মা
উপকরণ:-
মুরগির মাংস -১কেজি।
টকদই -৫০০ গ্রাম।
দুধ -১লিটার।
পেঁয়াজ কুচি -৬টি।
আদা বাটা -২টেবিল চামচ।
রসুন বাটা -২টেবিল চামচ।
কাঁচা লঙ্কা ৮-১০টি।
গাওয়া ঘি -৪টেবিল চামচ।
সাদা তেল -হাফ কাপ।
ছোট এলাচ -১০টি, লবঙ্গ ১০টি, দারচিনি -৩"।
নুন স্বাদ মতো।
প্রনালী:-
প্রথমে মুরগির মাংসের টুকরো ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা বড় জায়গায় টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে ২চামচ আদা বাটা দিয়ে মিশিয়ে নিয়ে মাংস ম্যারিনেট করে রাখতে হবে।
এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল ও ৩চামচ গাওয়া ঘি দিয়ে গরম হলে গোটা গরম মশলা থেঁতো করে দিতে হবে।ফোড়ণের সুগন্ধ বেড়োলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। এখানে পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজতে হবে না। এবার ২চামচ রসুন বাটা দিয়ে ২-৩মিনিট নেড়েচেড়ে ম্যারিনেট করা মাংস দিয়ে ৭-৮ মিনিট মতো কষতে হবে।তার আগে ১লিটার দুধকে ফুটিয়ে ঘন করে ৪০০ মি.লি করতে হবে। এবার মাংসের ঢাকা খুলে কাঁচা লঙ্কা মাথার দিকটা একটু ফাটিয়ে দিয়ে দিতে হবে। স্বাদ মতো নুন দিতে হবে। আবারও নেড়েচেড়ে ৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
তারপর ঢাকা খুলে ঘন করা দুধটা ও সামান্য কয়েক দানা চিনি দিয়ে নেড়েচেড়ে আরও ৭-৮ মিনিট হতে দিতে হবে। মাংস সুসিদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে গাওয়া ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি "সফেদ মুর্গ কোর্মা"
আমি মাংসটা একটুও জল ব্যবহার করিনি।দই ও চিকেন থেকে যে জল বেড়িয়েছে তাতেই সেদ্ধ হয়েছে।আর কেউ চাইলে পুরো গাওয়া ঘিয়ে করতে পারেন। আমি সাদা তেল ও ঘি মিশিয়ে করেছি।
