গোবিন্দভোগ চালের ধোঁকার ডালনা
উপকরণ:-
মটর ডাল- ১০০ গ্রাম
গোবিন্দ ভোগ চাল- ১০০ গ্রাম
আদা- হাফ চা চামচ
কাঁচা লঙ্কা- ২-৩ টা
মৌরি- ১ চা চামচ
কালোজিরা- ১/২ চা চামচ
হিং-১ চা চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
ময়দা- ১ টেবিল চামচ
সেদ্ধ ও জল ঝরা লাউ বাটা- ১ কাপ
টমেটো (মাঝারি) বাটা- ১ টা
গোটা গরম মসলা- ১ চা চামচ
তেজপাতা- ১ টা
শুকনো লঙ্কা- ১ টা
জিরে গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
কাজুবাদাম বাটা- ২ টেবিল চামচ
গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ
ঘি- ১ টেবিল চামচ
জল- পরিমাণ মতো
নুন - স্বাদমতো
চিনি- স্বাদমতো
সরষের তেল- ৪০০ মিলি
প্রনালী:- মটর ডাল, গোবিন্দভোগ চাল সারারাত ভিজিয়ে রাখতে হবে।
সকালে চাল ও ডাল, আদা, তিনটে কাঁচা লঙ্কা, হাফ চা চামচ নুন, এক চা চামচ চিনি, অল্প জল দিয়ে বেটে নিতে হবে।
কড়াইতে ১ - ২ টেবিল চামচ সর্ষের তেল গরম করে মৌরি, কালোজিরে, হিং পুরোটা ফোড়ন হিসেবে দিতে হবে।
সুন্দর ফোড়নের গন্ধ বের হলে চাল ও ডালের বাটা মিশ্রণটা এতে দিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে কষাতে হবে।
মিশ্রণটা পুরো পাক হয়ে কড়াই ছাড়লে সর্ষের তেল মাখানো স্টিলের থালায় নামিয়ে সমান করে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে।
তারপরে পছন্দমত টুকরো করে কেটে নিতে হবে। কাঁচা ধোকা হয়ে গেল।
এবার ময়দা, অল্প জল একসঙ্গে পাতলা করে গুলে এই মিশ্রণে ধোঁকা গুলো হালকা করে চুবিয়ে ছাঁকা তেলে ভেজে তুলে নিতে হবে। ধোঁকা তৈরি।
এবার তৈরি হবে গ্রেভি।
সেদ্ধ লাউ বাটা, দুটো কাঁচালঙ্কা, অল্প নুন, টমেটো বাটা একসঙ্গে অল্প জল দিয়ে বেটে মশলা বানিয়ে নিতে হবে।
কড়াইতে তেল গরম করে গোটা গরম মসলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।
সুন্দর গন্ধ উঠলে বেটে রাখা লাউয়ের পেস্ট তেলে দিয়ে ভালো করে কষাতে হবে।
তেল ছাড়লে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি সবকিছু দিয়ে অল্প জল দিয়ে আবার কষাতে হবে।
তেল ছেড়ে এলে কাজুবাদাম বাটা, ৪/৫ টি কাঁচা লঙ্কা গোটা দিয়ে আবার কষাতে হবে।
এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিলিয়ে ফুটাতে হবে।
ঝোল ফুটে গেলে ভাজা ধোঁকা গুলো ঝোলে দিয়ে তিন থেকে পাঁচ মিনিট ফুটিয়ে উপর থেকে ঘি ও গরম মসলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
গরম ভাতে বা পোলাও, লুচির সাথে ও খুব ভালো সহচর হতে পারে এই নতুন রকমের ধোঁকা ডালনা।
