কবিতা-বর্ষা দিনে
কবিতা - বর্ষাদিনে
ওই যে দূরে, সৃষ্টিসুরে, ওইখানেতে বাজছে বাঁশি-
জোর বাতাসে, কে উদাসে, আকাশ জুড়ে মেঘের রাশি।
কাজল কালো, কখন এলো, অন্তরে আর মনের ঘরে,
দেখেই তাকে শিউরে উঠি, বাদল ধারায় অন্তঃপুরে।
কবে কখন মন হারালাম, কে জানে তার গোপন কথা!
বৃষ্টিধারার উতল সুরে, মনফকিরার বেদন গাথা।
আজকে আমি দেখতে যাব, সবুজ ঘাসে টুকরো শিশির
কিম্বা ধরো আজকে যদি শুধুই ভিজি, আনখুশির!
দায় কে নেবে হঠাৎ প্রেমের? দ্রাঘিমা তো পশ্চিমে প্রায়
যতই মেঘের আড়াল থাকুক, সূর্য সরে, বেলা গড়ায়।
তার বদলে হোক না খানিক মেঘসায়রে উপুড়ঝুপুড়
আজকে দিনটা অন্যরকম, হারিয়ে গেছে সোনার নূপুর।
নদীর বুকে অন্ধকারে, দেখব নিশার অন্য যে রূপ
বৃষ্টি প্লাবন, ধারায় ভিজে, রাতপরিরাও করবে যে চুপ
ছইয়ের মাথায়, চাঁদ উঠেছে, আবছা তবু ভুবন খানি।
জ্যোৎস্না গলা আমার শ্রাবণ, তাকেই আমি আপন মানি।
