মধু ক্ষীরা কমলা
উপকরণ:- ছানা-১০০ গ্রাম
কমলালেবুর জেস্ট- অল্প
চিনি-৪ চা চামচ
ঘি- ২ টেবিল চামচ
এলাচ- ২টো
কনডেন্স মিল্ক- ৪ টেবিল চামচ
কাজুবাদাম- ৪টে
আমন্ড- ৬টা
সসের জন্য :
কমলা লেবুর রস-১/২ কাপ
মধু- ৫ চা চামচ
কনফ্লাওয়ার-১ টেবিল চামচ
প্রনালী:- প্রথমে ফ্রাই প্যানে কমলা লেবুর রসের মধ্যে মধু দিয়ে নাড়তে হবে। একটু ঘন হয়ে এলে কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে ক্রমাগত নাড়তে হবে। যাতে তলা ধরে না যায়। বেশ ঘন হয়ে এলে কমলালেবুর জেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।।
এবার ছানা একটা বাটিতে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে ভালো করে মেখে একটা মসৃণ মন্ড বানিয়ে নিতে হবে। গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে তাতে দিতে হবে মসৃণ করে রাখা ছানা। কিছুক্ষণ নাড়তে হবে তারপরে এর মধ্যে দিতে হবে কনডেন্স মিল্ক আর এলাচের গুঁড়ো। এবার ক্রমাগত নাড়তে হবে। যাতে তলা ধরে না যায়। বেশ ঘন হয়ে এলে কাজুবাদাম ও আমন্ড কুচি করে দিয়ে মিশিয়ে দিতে হবে। এবার একটা বাটিতে ঘি মাখিয়ে তার মধ্যে ছানার ক্ষীর দিয়ে দিতে হবে। এর উপর দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা সস। দু তিনবার ট্যাপ করে উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে এক ঘণ্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে। এক ঘন্টা বাদে ফ্রিজ থেকে বার করে ওপর থেকে আরো কিছু আমন্ড কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।



