গন্ধরাজ মটন মোমো
উপকরণ:- মোমোর আচ্ছাদন (মোড়ক) তৈরি করতে লাগবে — ময়দা ১ কাপ, সাদা তেল ১ চা চামচ, লবণ স্বাদমতো, জল পরিমাণমতো। রঙ আনার জন্য সামান্য সবুজ ফুড কালার অথবা পালং শাকের পেস্ট ময়দার সঙ্গে মিশিয়ে দিতে হবে। পুর তৈরির জন্য প্রয়োজন — মটনের কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ½ কাপ, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাঁচা লঙ্কা কুচি ১ চা চামচ, সয়া সস ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ চা চামচ, গন্ধরাজ লেবুর রস ২ চা চামচ, গন্ধরাজ লেবুর খোসা (ঘষে নেওয়া) ১ চা চামচ, সরিষার তেল ১ চা চামচ (ঐচ্ছিক), গোলমরিচ গুঁড়ো ½ চা চামচ এবং লবণ স্বাদমতো।
প্রনালী:- প্রথমে ময়দার সঙ্গে লবণ, তেল ও সবুজ ফুড কালার বা পালং শাকের পেস্ট মিশিয়ে অল্প অল্প জল দিয়ে শক্ত ডো তৈরি করতে হবে। ২০ মিনিট ঢেকে রেখে দিতে হবে। এদিকে পুর তৈরি করতে কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ ও আদা-রসুন হালকা ভেজে নিন। এরপর কিমা, কাঁচা লঙ্কা, সয়া সস, লবণ ও গোলমরিচ দিয়ে দিন। ৫-৬ মিনিট হালকা সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে তাতে গন্ধরাজ লেবুর রস ও খোসা মিশিয়ে দিন।
এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। প্রতিটি পাতায় ঠান্ডা পুর ভরে মোমোর মতো করে মুড়িয়ে নিন। এবার স্টিম করার জন্য জল গরম করে স্টিমারে দিন। গ্যাসে রান্না করা যায়, আবার রাইস কুকারের স্টিমারেও সহজে বানানো যায়। ১৫-১৮ মিনিট স্টিম করলেই তৈরি।
*চাটনি / সস:*
এই গন্ধরাজ মোমোর সঙ্গে পরিবেশন করুন দুই ধরনের সস
সবুজ চাটনি: ধনে পাতা, পুদিনা, কাঁচা লঙ্কা, লেবুর রস ও নুন ব্লেন্ড করে নিন।
লাল ঝাল সস: টমেটো, শুকনো লঙ্কা, রসুন, নুন ও সামান্য ভিনেগার দিয়ে রান্না করে তৈরি করুন।
*টিপস:*
কিমা ভালোভাবে ধুয়ে তারপর হালকা সেদ্ধ করে ব্যবহার করলে স্বাদ ও নিরাপত্তা — দুই বজায় থাকে।
গন্ধরাজ লেবুর খোসা (zest) একেবারে শেষে মেশালে তার ঘ্রাণ সবচেয়ে ভালোভাবে থাকবে।
রঙ আনতে চাইলে সবুজ ফুড কালার না দিয়ে পালং শাকের পেস্ট ব্যবহার করাই ভালো।
