Logo
logo

রন্ধনে বন্ধন

ডিমের ধোকার ডালনা*

উপকরণ:- ধোকার মিশ্রণের জন্য:
ডিম-৪টি
পেঁয়াজ-১টি (মিহি কুচি)
কাঁচা লঙ্কা- ২-৩টি (কুচি করা)
ধনেপাতা কুচি- সামান্য
নুন, চিনি- স্বাদমতো
হলুদ গুঁড়ো- প্রয়োজন মত

ডালনার জন্য:
আলু- ২টি (খোসা ছাড়িয়ে চার টুকরো করা)
পেঁয়াজ বাটা- ১/২ কাপ
টমেটো কুচি- ১টি
আদা-রসুন বাটা- ১ চামচ
জিরে গুঁড়ো- ১ চা চামচ
ধনে গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো- ১/২ চা চামচ
হলুদ গুড়ো - ১/২ চা চামচ
সর্ষের তেল- পরিমাণ মতো
নুন ও চিনি- স্বাদমতো

ফোড়নের জন্য:- গোটা জিরে ও তেজপাতা

প্রনালী:- ধোকা বা এগ কেক তৈরি:-
একটি পাত্রে ডিম ভেঙে তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা, নুন ও হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার একটি টিফিন বাক্সের ভেতরে সামান্য তেল মাখিয়ে ডিমের মিশ্রণটি ঢেলে দিতে হবে।
কড়াইতে জল ফুটিয়ে তার ভেতর টিফিন বাক্সটি বসিয়ে দিতে হবে ভাপানোর জন্য। এবং ভালো করে ঢাকা দিয়ে ১৫ মিনিট মাঝারি আঁচে সেদ্ধ করতে হবে।
ভাপানো হয়ে গেলে পাত্রটা ঠান্ডা করে চৌকো বা বরফির আকারে নিজের পছন্দ মত টুকরো করে কেটে নিতে হবে।
কড়াইতে তেল গরম করে ধোকাগুলো হালকা সোনালী করে ভেজে তুলে নিতে হবে।
ধোকা তৈরি।

গ্রেভি তৈরি:
এবার গ্রেভি হবে। ধোকা ভাজার ওই তেলেই আলুর টুকরোগুলো নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে ।

তারপর বাকি তেলে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিতে হবে। এরপর তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে হালকা বাদামী করে কষাতে হবে। এবার আদা-রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর একটা মশলা ভাজা , গন্ধ তৈরি না হচ্ছে ।

মসলার কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর ভাজা গন্ধ বের হলে এবার কড়াইতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য জল দিয়ে মশলাটি আবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে।

মশলা কষা হলে ভাজা আলুগুলো দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে, ঝোলের জন্য পরিমাণমতো জল, নুন ও চিনি মিলিয়ে দিতে হবে।
কড়াইয়ের ওপর ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করতে হবে ।
ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ডিমের ধোকাগুলো ঝোলে দিয়ে দিতে হবে। এবং আরও ৩-৪ মিনিট মৃদু আঁচে পুরো রান্নাটা ফুটতে দিতে হবে ।

সবশেষে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
এবার গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে দুর্দান্ত স্বাদের ডিমের ধোকার ডালনা।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com