কবিতা - নববর্ষ এলো রে
আলোয় রাঙা চৈত্রের শেষ প্রহরে
অপেক্ষার বিকেল কেঁপে ওঠে মাঝেসাঝে
আকাশ বাতাস কাঁদে কালবৈশাখী ঝড়ে
বিষাদের সুর বাজে মনের অগোচরে ।
আশ্রয়হীন কতশত ঝরাপাতা
ছুঁয়ে থাকে ভালোবাসা ছুঁয়ে থাকে স্মৃতি
প্রিয় মুখ কত আত্মীয় পরিজন
চারিদিকে ভেসে ওঠে নীরব ক্রন্দন ।
ভোরের আলো মেখে কচি ধান দোল খায়
ফুলে পল্লবে সেজে ওঠে জুঁই-বকুল
জীর্ণ যা কিছু ছিল অনাদরে
শোক তাপ মুছে নববর্ষ এলো রে ।
মহাবিশ্বের সবকিছু বিস্ময়
সূর্য রোজ আলো ছড়ায় বিশ্বময়
ভোরের আলোয় হেঁটে যাবো আলোর অভিমুখে
নতুন আশা নিয়ে বাঁচি এই মাটির বুকে ।
