কবিতা-বৃষ্টি ভেজা প্রেমের স্মৃতি
ঘন কালো মেঘে ছায় যে আকাশ
মুখ গোমড়া করে যে বাতাস,
বুঝি জলদ মেঘের পাল্লা ভারী
সহসা ঝরিয়ে দিল অঝোর বারি।।
বৃষ্টি জলে ভাসে শহর
আজ তোমার কথাই মনে আসে,
সবুজ পাতায় জলের ফোঁটায়,
হারানো প্রেমের চিঠিরা ভাসে।।
আবেগী প্রেমের রঙীন আঁচল --
মেলে ধরি খোলা জানালায়,
আজ বৃষ্টি ঝরা বাদল দিনে,
হৃদয়ে প্রেমের স্মৃতি জাগায়।।
কোথা সে উধাও হোলো মন আমার,
কিছু সময়ের 'তরে,
দৃশ্য পটের বদল ঘটে --
ফিরে যায় সেই সময়ের পরে।।
এমনি এক বৃষ্টির দিনে,
এক ঝাঁকড়া বকুল গাছের তলে,
তুমি আমি দাঁড়িয়ে ছিলাম,
বৃষ্টি ভেজার ছলে।।
টুপ্ টাপ পড়ে জলের ফোঁটা,
সেই দুটি মন আবেশে ভরা,
সহসা মেঘের বজ্র ডাকে --
ভয়ে তোমাকে জড়িয়ে ধরা।।
সবুজ মনের অবুঝ কথা '
শুধু বুঝি দুজনে,
ভালোবাসার প্রথম প্রকাশ --
জাগে যে দুটি মনে।।
বর্ষা আমার প্রথম প্রেমের,
প্রথম কদম ফুল।
বর্ষা আনে জীবন খাতায়,
যত আগোছালো ভুল।।
তোমার বলা সেই"কিছু কথা "
আজও আমি ভুলিনি,
মন -মোড়কে মোড়া উপহার,
আজও আমি খুলিনি।।
এখনও বৃষ্টি এলে তোমার কথা,
শুধুই মনে পড়ে,
জানি আর কখনও হবেনা দেখা,,
প্রথম প্রেমের মুকুল গেছে যে ঝোরে।।
তবুও জানি, বর্ষা এলে --
এ মন ভরসা রাখে মনে,
কোনো একদিন, প্রেমের বন্যা হয়ে,
তুমি আসবে ফিরে পরজনমে।।
