Logo
logo

সাহিত্য / কবিতা

কবিতা - আর দেখা হবে না

দীর্ঘদিন যাবৎ দেখা হবে না আমাদের আর।
আমি জানি, জানি কিছুই নেই আর বাকি, কিছুই নেই চাওয়া - পাওয়ার।

কালের স্রোতে ভালোবাসার আদুরে নাম হারিয়ে যাবে!
কাঁচের গ্লাসে সখের পোষা রঙিন মাছ, ঘোলা জলে খাবি খাবে।

তুমি না থাকলে দিন দিন যেন উড়নচণ্ডী হয়ে উঠি।
আমি তো কবেই ভেসে যেতাম, তুমিই ছিলে শক্ত খুঁটি।

তুমি না থাকলে,
মনে থাকেনা পারিপাট্য,
মনে থাকেনা চিত্রনাট্য।
মনে থাকেনা ঈশান কোণে মরণাপন্ন তুলসী গাছ,
মনে থাকেনা রবীন্দ্রনাথ, মনে থাকেনা কোন উবাচ।

তবুও তো সেই চলেই গেলে।
হাজার স্মৃতি পিছে ফেলে।
তুমি তো ঠিক চলেই গেলে।

তাই,
দীর্ঘদিন যাবৎ দেখা হবে না আমাদের আর।

তবে, তারপর একদিন ঠিক দেখা হবে।

তোমার পাশে রাঙা সিঁথির লাল দোপাটি থাকবে।
তখন কি আর সুখস্মৃতিতে আমাদের মনে রাখবে?
সেও বুঝি তোমার বুকে আশ্রয় নেবে কেঁদে?
তোমার প্রিয় মাছের কিমা খাওয়াবে সেও রেঁধে?

যাক গে,
বড় বেশি ভাবছি, তোমার কথা আজকে।

যদি দেখা হয়, তোমায় আমায় আবার সেদিন?
রাখবে মনে তোমার আমার ভালোবাসা?
রাখবে মনে ঝগড়া- বিবাদ সমস্তটা ?
রাখবে মনে প্রেমের জোয়ার?
রাখবে মনে মিছিল হাঁটা? সঙ্গে লেনিন?

আমিও যেমন আস্ত পাগল,
এসব কথা ভেবেই মরি,
কি যে করি,
বদলেছে দিন, তুমিও কোথায় হারিয়ে গেছ,
কারুর বুকে , সযত্নে বেশ দিব্য আছো।

বছর যাবে, মাস পেরোবে,
আবার হয়ত দেখা হবে।

হয়ত সেদিন বলবে তুমি,
' পাইনা দেখা তোমার যে আর '।
মুখ নামিয়ে বলব তোমায় - " আজকে চলি"!
দেখবে চেয়ে ,
তোমার পথের বিপরীতেই পথখানি ঠিক আমার যাওয়ার।

এভাবেই তোমার আমার দেখা হওয়ার ইতি হবে,
আমাদের সেই গোপন প্রেম , সারাজীবন গোপন রবে।

<<Prev1234Next>>

Contact US

Tel: 9903329047 / 8697419047
Email: sreemotirdarbar@gmail.com